﻿গীত.
44.
সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের মস্কীল। হে ঈশ্বর, পূর্বকালে, আমাদের পূর্বপুরুষদের সময়ে তুমি যা কিছু করেছ তা আমরা আমাদের কানে শুনেছি। 
তুমি নিজের হাতে অইহুদিদের তাড়িয়েছ আর আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত করেছ; তুমি তাদের শত্রুদের পদদলিত করেছ আর আমাদের পূর্বপুরুষদের সমৃদ্ধি দিয়েছ। 
তাঁরা তাঁদের তরোয়াল দিয়ে এই দেশ অধিকার করেননি, তাঁদের বাহুবলে তাঁরা জয়লাভ করেননি; কিন্তু তোমার শক্তিশালী ডান হাত, তোমার বাহু, আর তোমার মুখের জ্যোতি সেইসব করেছে। 
তুমি আমার রাজা আমার ঈশ্বর, যাকোবকে বিজয়ী করতে আদেশ দিয়েছ। 
তোমার দ্বারা আমরা শত্রুদের পশ্চাদ্ধাবন করি; তোমার নামের দ্বারা আমরা আমাদের বিপক্ষদের পদদলিত করি। 
আমি আমার ধনুকে আস্থা রাখি না, আমার তরোয়াল আমাকে বিজয়ী করে না; 
কিন্তু আমাদের শত্রুদের উপরে তুমি আমাদের বিজয়ী করেছ, তুমি আমাদের বিপক্ষদের লজ্জিত করেছ। 
ঈশ্বরে আমরা সারাদিন গর্ব করি, আর আমরা চিরকাল তোমার নামের প্রশংসা করব। 
কিন্তু এখন তুমি আমাদের পরিত্যাগ করেছ ও অবনত করেছ; আমাদের সৈন্যবাহিনীর সঙ্গে তুমি আর যুদ্ধে যাও না। 
আমাদের শত্রুদের সামনে তুমি আমাদের পিছু ফিরতে বাধ্য করেছ, আর আমাদের প্রতিপক্ষরা আমাদের লুট করেছে। 
তুমি আমাদের ত্যাগ করেছ যেন আমরা মেষের মতো গ্রাস হয়ে যাই আর আমাদের বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছ। 
তুমি তোমার প্রজাদের সামান্য মূল্যে বিক্রি করেছ, তাদের বিক্রি করে কিছুই পাওনি। 
তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের নিন্দাস্পদ আর আমাদের চারপাশের লোকেদের কাছে ঘৃণা ও উপহাসের পাত্র করেছ। 
অইহুদিদের আছে তুমি আমাদের রসিকতার বস্তু করে তুলেছ; তারা অবজ্ঞায় আমাদের প্রতি তাদের মাথা নাড়ায়। 
সারাদিন আমি মর্যাদাহীনতার সাথে বেঁচে আছি, আর আমার মুখ লজ্জায় আবৃত। 
আমি কেবল বিদ্রুপকারী উপহাস শুনতে পাই; আমি কেবল আমার প্রতিহিংসাপরায়ণ শত্রুদের দেখতে পাই। 
এসব আমাদের প্রতি ঘটেছে যদিও আমরা তোমাকে ভুলে যাইনি; আমরা তোমার নিয়ম ভঙ্গ করিনি। 
আমাদের হৃদয় তোমাকে ত্যাগ করেনি, আমাদের পদক্ষেপ তোমার পথ থেকে দূরে সরে যায়নি। 
কিন্তু তুমি আমাদের চূর্ণ করেছ আর শিয়ালের বাসভূমিতে পরিণত করেছ; মৃত্যুর অন্ধকারে তুমি আমাদের আবৃত করেছ। 
যদি আমরা আমাদের ঈশ্বরকে ভুলে গিয়েছি অথবা আমাদের হাত অন্য দেবতাদের প্রতি বাড়িয়ে দিয়েছি, 
ঈশ্বর নিশ্চয়ই তা জানতে পারতেন। কারণ তিনি হৃদয়ের গুপ্ত বিষয় জানেন। 
তবুও তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই; বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়। 
ওঠো, হে সদাপ্রভু! কেন তুমি ঘুমিয়ে? জাগ্রত হও! চিরকাল আমাদের ত্যাগ কোরো না। 
কেন তুমি তোমার মুখ লুকিয়ে রাখো আর আমাদের দুর্দশা ও নির্যাতন ভুলে যাও? 
আমাদের প্রাণ ধুলোতে অবনত; উপুড় হয়ে মাটিতে শুয়ে। 
উঠে দাঁড়াও আর আমাদের সাহায্য করো; তোমার অবিচল প্রেমের গুণে আমাদের উদ্ধার করো। 
