﻿গীত.
75.
সংগীত পরিচালকের জন্য। সুর: “ধ্বংস কোরো না।” আসফের গীত। একটি সংগীত। হে ঈশ্বর, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি নিকটবর্তী; লোকেরা তোমার আশ্চর্য ক্রিয়াকলাপ বর্ণনা করে। 
ঈশ্বর বলেন, “আমার নির্ধারিত সময়ে আমি ন্যায়বিচার করব। 
যখন পৃথিবী কাঁপে এবং সব মানুষ অশান্তিতে বাঁচে, আমি তার সব স্তম্ভ সুদৃঢ় রাখি। 
আমি দাম্ভিককে সতর্ক করি, ‘অহংকার কোরো না,’ দুষ্টকে বলি, ‘তোমার শিং উঁচু কোরো না। 
স্বর্গের বিরুদ্ধে তোমার শিং উঁচু কোরো না; এত উদ্ধতভাবে কথা বোলো না।’ ” 
কেউ, পূর্ব বা পশ্চিম থেকে, অথবা মরুভূমি থেকে, নিজেকে উন্নত করতে পারে না। 
ঈশ্বর একমাত্র বিচার করেন: তিনি কাউকে নত করেন বা কাউকে উন্নীত করেন। 
সদাপ্রভুর হাতে এক পানপাত্র আছে, যা মশলা মিশ্রিত ফেনিয়ে ওঠা সুরাতে পূর্ণ; তিনি তা ঢেলে দেন, আর পৃথিবীর সমস্ত দুষ্টলোক পাত্রের তলানি পর্যন্ত পান করে। 
কিন্তু আমি একথা চিরকাল ঘোষণা করে যাব; যাকোবের ঈশ্বরের উদ্দেশে স্তুতিগান করব। 
কারণ ঈশ্বর বলেন, “আমি সব দুষ্টের শক্তি চূর্ণ করব, কিন্তু আমি ধার্মিকদের শক্তিবৃদ্ধি করব।” 
