﻿গীত.
92.
একটি গীত। বিশ্রামবারের জন্য রচিত। সদাপ্রভুর প্রশংসা করা এবং, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে গান করা, উত্তম। 
দশ-তারের সুরবাহার এবং বীণার সুর সহযোগে 
সকালে তোমার অবিচল প্রেম এবং রাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা, উত্তম। 
কারণ হে সদাপ্রভু, তোমার কাজ দ্বারা তুমি আমাকে আনন্দিত করেছ। তোমার হাতের কাজ দেখে আমি আনন্দে গান করি 
হে সদাপ্রভু, তোমার কাজগুলি কত মহান, কত গভীর তোমার ভাবনা! 
অচেতন লোকেরা জানে না, মূর্খরা বুঝতে পারে না, 
যে যদিও দুষ্টরা ঘাসের মতো গজিয়ে ওঠে আর সব অনিষ্টকারী বৃদ্ধি পায়, তারা চিরকালের জন্য ধ্বংস হবে। 
কিন্তু তুমি, হে সদাপ্রভু, চিরকালের জন্য মহিমান্বিত। 
হে সদাপ্রভু, নিশ্চয় আমাদের শত্রুরা নিশ্চয়ই আমাদের শত্রুরা বিনষ্ট হবে; সব অনিষ্টকারী ছিন্নভিন্ন হবে। 
তুমি আমার শিং বন্য ষাঁড়ের মতো উন্নীত করেছ; খাঁটি তেল আমার মাথায় ঢেলে দিয়েছ। 
আমার চোখ আমার প্রতিপক্ষদের পরাজয় দেখেছে; আমার কান আমার দুষ্ট বিপক্ষদের পতনের কথা শুনেছে। 
ধার্মিক তাল গাছের মতো সমৃদ্ধ হবে, লেবাননের দেবদারু গাছের মতো তারা বৃদ্ধি পাবে; 
যাদের সদাপ্রভুর গৃহে লাগানো হয়েছে, তারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে সমৃদ্ধ হয়ে উঠবে। 
বৃদ্ধ বয়সেও তারা ফল প্রদান করবে, তারা সতেজ ও সবুজ হয়ে রইবে, 
এই প্রচার করবে, “সদাপ্রভু ন্যায়পরায়ণ; তিনি আমার শৈল এবং তাতে কোনও অন্যায় নেই।” 
