﻿গীত.
112.
সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুকে সম্ভ্রম করে, যে তাঁর আজ্ঞা পালনে মহা আনন্দ পায়। 
তাদের সন্তানসন্ততিরা এ জগতে শক্তিশালী হবে, ন্যায়পরায়ণদের প্রজন্ম ধন্য হবে। 
ধনসম্পদ ও ঐশ্বর্য তার গৃহে আছে, এবং তার ধার্মিকতা চিরস্থায়ী হয়। 
ন্যায়পরায়ণের জন্য অন্ধকারের মাঝে আলো উদয় হয়, সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক। 
যে উদার ও মুক্তহস্তে দান করে, তার মঙ্গল হবে, সে নিজের বিষয়গুলি ন্যায়ের সঙ্গে নিষ্পত্তি করে। 
নিশ্চয় সে কখনও বিচলিত হবে না; কিন্তু ধার্মিককে চিরকাল মনে রাখা হবে। 
অশুভ সংবাদে সে ভয় করবে না; তার হৃদয় অবিচল, তা সদাপ্রভুতে আস্থা রাখে। 
তার হৃদয় সুস্থির, সে ভয় করবে না; অবশেষে সে বিজয়ীর মতো তার শত্রুদের দিকে তাকাবে। 
সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে, তার ধার্মিকতা চিরস্থায়ী; তার শিং গৌরবে উন্নত হবে। 
দুষ্টলোক এসব দেখবে আর উত্ত্যক্ত হবে, সে ক্রোধে দন্তঘর্ষণ করবে আর নিঃশেষ হবে; দুষ্টদের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে। 
